ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে চাষাঢ়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকাগামী একটি ট্রেনের ছাদে উঠে যাচ্ছিল কিশোরটি। ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশনের সামনে পৌঁছালে রেললাইনের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে তার শরীরের সংস্পর্শ হয়। এতে কিশোরটি ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ঢাকাগামী ট্রেনের ছাদে উঠে কিশোরটি ঢাকার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহত কিশোরের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
source: Asia Post







