সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় মো. সজিব হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।
রোববার (৫ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতিদের ‘নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে’ তার মৃত্যু হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার (সজিব) মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।
source: Rajneete






