News

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি কমানোসহ কয়েকটি নির্দেশনা দেন মন্ত্রী।

পরিদর্শনকালে এহছানুল হক মিলন বলেন, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন না, যেহেতু তারা অটিজমে আক্রান্ত। এটা অত্যন্ত ব্যয়বহুল। কোনো কোনো ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক একজনকে দেখাশোনা করেন।

তিনি বলেন, স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কীভাবে তাদের কাজে লাগানো যায় সে বিষয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা করা হবে। সরকারিভাবে এ স্কুলকে সহযোগিতা প্রদানের বিষয়ে মন্ত্রী গুরুত্বারোপ করেন।

স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান, ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button