তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়া: ডিএমপি কমিশনার

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। একই সঙ্গে টার্মিনাল ও বাসের ডিপো আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় বাস মালিক সমিতির নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, বর্তমান সরকার বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে নেওয়া হবে।
তিনি বলেন, রাজধানীর যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এসব টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নেওয়া হচ্ছে। পাশাপাশি টার্মিনাল ও ডিপো আলাদা করা হবে।
মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনকালে সেখানে প্রায় ৮০টি বাস রাখার মতো জায়গা বাস মালিক সমিতির নেতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
অন্যদিকে মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।
source: Asia Post






