News

হাজারীবাগে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকার একটি বাসা থেকে লাইজু আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাড্ডানগর পানির ট্যাংকি সংলগ্ন ৪৯/ডি নম্বর ৬ তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাইজু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সাটুবুনিয়া গ্রামের মো. গোলাম মোস্তফার মেয়ে। সে দীর্ঘদিন ধরে হাজারীবাগের ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল।

লাইজুকে হাসপাতালে নিয়ে আসা মো. ইমরান হোসেন জানান, সন্ধ্যার দিকে বাসার নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাইজুকে ঝুলতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তাদের সহায়তায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে পরিবার বা বাসার কেউ কিছু জানাতে পারেননি।

আরো পড়ুন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

source: Asia Post

Back to top button