News

সিইসির পদত্যাগের দাবিতে ভারত জুড়ে মাঠে নামছে ককরোচরা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দেশ জুড়ে আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ‘গান্ধি জয়ন্তী’ তথা মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীর দিন আজ শুক্রবার (২ অক্টোবর) থেকেই মাঠে নামছে দলটি। বলেছে, এ আন্দোলন ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হবে।

টেলিগ্রাফ ইন্ডিয়া ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) মুম্বাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ আন্দোলনের ঘোষণা দেন।

অভিজিৎ বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার মুম্বাইয়ের দাদরের শিবাজী পার্কে বিক্ষোভের পর গোয়া, বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাটনা ও রাঁচিতেও কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি। অক্টোবরের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে।

খবরে বলা হয়েছে, সিজেপিকে এখনো শিবাজী পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি মুম্বাই পুলিশ। অনুমতি না পেলেও সেখানে ‘জেল ভরো’ আন্দোলন করার ঘোষণা দিয়েছেন দীপকে।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ৬ অক্টোবরের কর্মসূচিতে অবশ্য অংশ নেবে না সিজেপি। দীপকের ভাষ্য, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক জোটের কর্মসূচি নয়, এটি স্বাধীন আন্দোলন। তবে বিরোধীদের উদ্যোগকে সমর্থন জানাচ্ছে তার দল।

সিজেপির অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এতে ভোটাধিকার নিয়ে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলটি ২০২৫ সালের ভোটার তালিকা বহাল রাখা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধ এবং সিইসি নিয়োগে আরও স্বচ্ছতা ও নাগরিক সমাজের অংশগ্রহণ দাবি করেছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে দেশ জুড়ে ভোটার যাচাইয়ের এই প্রক্রিয়া এসআইআর। সমালোচকদের অভিযোগ, এতে বিপুলসংখ্যক যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, দ্বৈত ও অযোগ্য ভোটার বাদ দিয়ে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।

জ্ঞানেশ কুমারের দুই সহকারী নির্বাচন কমিশনারের অভ্যন্তরীণ আপত্তি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন প্রকাশের পর বিতর্ক আরও তীব্র হয়। কমিশন অবশ্য বলেছে, অভ্যন্তরীণ আলোচনায় ভিন্নমত থাকা স্বাভাবিক এবং তাদের সব কার্যক্রম আইনসম্মত।

source: Rajneete

Back to top button