অফিসে জাতীয় পতাকার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিতের নির্দেশনা

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের নির্দেশনা দিয়েছে সরকার। সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সই করেছেন উপসচিব শারমিন ইয়াসমিন।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছুসংখ্যক কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য নন। কিন্তু অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ব্যতীত কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু কিছু অফিসে সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে।
এ ছাড়াও সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে জাতীয় পতাকাকে অফিস কক্ষের অভ্যন্তরে সজ্জা, অলংকরণ বা ব্যক্তিগত অথবা দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। যা বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এর প্রত্যক্ষ লঙ্ঘন।
এ অবস্থায় জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অধীনস্থ দপ্তর ও সাংবিধানিক বা স্বশাসিত সংস্থাকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
source: Asia Post






