সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতি: ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে দুদকের জিজ্ঞাসাবাদ

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুর রহমান জোয়াদ্দারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাহিদুর রহমান জোয়াদ্দারকে তলব করা হয়েছে।
অভিযোগ রয়েছে, জাতীয় সংসদের অডিটোরিয়াম ও মূল অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কার কাজে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখিয়ে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ এবং কাজ শেষ না করেই বিল তুলে নেওয়ার প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতি এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেছিলেন জাহিদুর রহমান জোয়াদ্দার। এই প্রকল্পের মাধ্যমে সরকারের কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, এই দুর্নীতিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংসদ সচিবালয় থেকে সংগ্রহ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে জাহিদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদেরও তলব করা হতে পারে বলে জানা গেছে।
গত কয়েক মাস ধরেই জাতীয় সংসদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারি সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে অনুসন্ধান চালিয়ে আসছে দুদক।
source: Asia Post







