চিকিৎসকদের মালয়েশিয়ায় লিভার-কিডনি প্রতিস্থাপনের প্রশিক্ষণ চান স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বিশেষ করে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মালয়েশিয়ায় কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের (প্রতিস্থাপন) প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমাসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বাস্থ্যখাতে দুই দেশের মধ্যকার সম্ভাবনা তুলে ধরে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, চিকিৎসাক্ষেত্রে তার দেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। আগে কম্বোডিয়ার রোগীরা চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতেন, কিন্তু তারা এখন মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন। বাংলাদেশের রোগীদের জন্যও মালয়েশিয়া একটি সাশ্রয়ী ও মানসম্মত গন্তব্য হতে পারে।
তিনি জানান, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা এ সংক্রান্ত সরাসরি সহযোগিতা পেতে পারেন। এছাড়া মালয়েশিয়ায় চিকিৎসা ব্যয় ও ওষুধের দাম উন্মুক্তভাবে প্রদর্শিত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়া বেশ স্বচ্ছ।
মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশও কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যৌথ উদ্যোগ জোরদার করতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপরও তিনি জোর দেন।
বৈঠকে হাইকমিশনার জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে—বিশেষ করে এমবিবিএস, এমডিএস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়ার বেশ কিছু শিক্ষার্থী পড়াশোনা করছেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে অধ্যয়নরত মালয়েশিয়ান শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে মালয়েশিয়া যাওয়ার সম্মতি প্রকাশ করেন।
উক্ত বৈঠকে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের কর্মকর্তা, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের প্রতিনিধি, তাদের বাংলাদেশি অংশীদার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







