News

শাহআলী থানার ওসি প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে শাহআলী থানা থেকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই রদবদল করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় শিশুদের স্বাস্থ্যসেবা ও টিকা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আক্রান্ত এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি শাহআলী থানা এলাকার অন্তর্ভুক্ত।

এদিকে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল ভর্তি দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) এক খুদে বার্তায় (এসএমএস) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনুমানিক ২৫০ জন মুখোশধারী ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। তাণ্ডবের শুরুতে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভবনে প্রবেশ করে তারা। এরপর ক্লিনিকে থাকা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনা সরঞ্জাম, ল্যাবরেটরি রিএজেন্ট, আল্ট্রাসনোগ্রাম মেশিন এবং নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকাসহ জরুরি চিকিৎসা ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

কেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, লুটপাট শেষে এক্সকাভেটর দিয়ে প্রতিষ্ঠানটির ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, প্রায় ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যে পরিচালিত এই পরিকল্পিত তাণ্ডবে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামালসহ অন্তত দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

source: Asia Post

Back to top button