News

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচও প্রতিনিধির বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. আহমেদ জামশিদ মোহাম্মদের বৈঠক হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক হয়। এতে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে জনস্বাস্থ্য, স্বাস্থ্যনিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

দেশের স্বাস্থ্য খাত শক্তিশালীকরণ এবং উদীয়মান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএইচওর অব্যাহত সহযোগিতা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকে ডব্লিউএইচও প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও পরিকল্পিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এসব কার্যক্রমের মধ্যে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, রোগ পর্যবেক্ষণ এবং জনস্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সহায়তা দেওয়ার বিষয় রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ডব্লিউএইচওর মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হন।

source: Asia Post

Back to top button