পাবনায় বিএনপির ৩০ কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত সংসদ সদস্যের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বিএনপির ৩০ জন কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে দেওভোগ বাজারে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে যোগদানকারীরা প্রধান অতিথি পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ আলী আছগারের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে যোগ দেন। পরে দলের স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে মো. আনিছুর রহমান, বখতিয়ার হোসেন, রবিন হোসেন, তারেক হোসেন ও সাইফুল ইসলামসহ কয়েকজনের নাম জানা গেছে। তারা বিএলবাড়ি ইউনিয়নের বিএনপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত।
যোগদানকারীরা জানান, দেশের কল্যাণ, ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা জামায়াতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, নতুন কর্মী-সমর্থকদের যোগদানে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
তবে যোগদানকারীদের পদধারী নেতাকর্মী হিসেবে মানতে নারাজ স্থানীয় বিএনপি নেতারা। বিএলবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোহাম্মদ আলী বলেন, আজকে যারা যোগদান করেছেন, তারা পদধারী কোনো বিএনপি নেতা নন। তারা কর্মী-সমর্থক মাত্র। তারা দল পরিবর্তন করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।
অনুষ্ঠানে আবদুস সামাদ মাস্টারের সভাপতিত্বে ও মো. রমজান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু তালিব, সাবেক আমির মো. সাপিনুর ইসলাম, উপজেলা সেক্রেটারি আব্দুল হাই আল-রাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রওশন আলম এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
source: Asia Post







