News

কাউন্সিলর একরামুল হত্যায় সেনা হেফাজতে ব্রি. জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারের নামে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া চার্জশিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার রাতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কাস্টডিতে নেয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৮ সালে টেকনাফে কাউন্সিলর একরামকে হত্যাকাণ্ডের সময় তিনি র‍্যাব-৭ এর অধিনায়ক ছিলেন এবং সেনা বাহিনীতে তখন তার পদ মর্যাদা ছিল লে. কর্নেল।

গত রোববার একরামুল হককে ‘ক্রসফায়ারের’ নামে মানবতাবিরোধী অপরাধে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত এ অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তদন্ত কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

source: Daily Amar Desh

Back to top button