রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা আবার দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার সমালোচনা করে বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। তার বাবা নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। র-এর দালাল।’
তিনি আরও বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। আমরা তার এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সংসদে তিনি বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না।’
রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নেত্রী ছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন।
source: Asia Post







