News

সমাজে পারস্পরিক মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে: জামায়াত আমির

বর্তমান সমাজে পারস্পরিক মূল্যবোধের অভাব দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তরুণ প্রজন্মকে শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান তিনি বলেছেন, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা ও সঠিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ও চর্চার মাধ্যমেই সমাজ থেকে অপসংস্কৃতি দূর করা সম্ভব।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে ‘দেশীয় সংস্কৃতি সংসদ’ আয়োজিত নাত-এ রাসুল ও কাওয়ালি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘অপসংস্কৃতিকে শুধু মুখের বক্তব্য বা প্রতিবাদ দিয়ে ঠেকানো যাবে না, বরং সুস্থ তামাদ্দুন ও সংস্কৃতির উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘অপসংস্কৃতির বিষয়টিকে সাংস্কৃতিক আধিপত্যবাদ বলা হয়। সুস্থ সংস্কৃতির বিকাশই পারে একটি জাতিকে সঠিক ভিত্তির ওপর দাঁড় করাতে।’

জামায়াত আমির বলেন, ‘প্রতিটি জাতিরই একটি নিজস্ব সংস্কৃতি থাকে। তবে নিজেদের সংস্কৃতিকে সঠিকভাবে লালন ও ধারণ না করার কারণে সমাজে অপসংস্কৃতি ভর করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

source: Asia Post

Back to top button