News

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

সরকারি চাকরিতে ১১–২০ গ্রেডের কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে ‘চাকরি তো আগেই রেডি; ভাইভা শুধু ফর্মালিটি’, ‘ভাইভার নামে প্রহসন; চলবে না চলবে না’, ‘ভাইভার নামে দলীয়করণ; চলবে না চলবে না’, ‘দলিয়করণের অপর নাম; ভাইবায় নিয়োগ দান’, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে ডাকসু ভিপি সাদিক কায়েম, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী, ডাকসুর বিভিন্ন স্তরের নেতারা সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বিক্ষোভ সমাবেশ ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেছেন, ভাইভায় নম্বর বাড়িয়ে কোটা বা দলীয়করণের মাধ্যমে নিয়োগের চেষ্টা মেনে নেওয়া হবে না। বেকার যুবকদের পেটে লাথি দিয়ে স্বজনপ্রীতি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ তৈরি করা হলে শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি বলেন, সরকার যদি শিক্ষার্থীদের রাজপথে নামতে বাধ্য করে এবং জুলাই বিপ্লবের আগের অন্যায় ও বৈষম্যমূলক নিয়োগব্যবস্থার পথ অনুসরণ করে, তাহলে তাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে। সময় থাকতে এই পথ থেকে সরে এসে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বিএনপি সরকার দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। বেকার যুবকদের পেটে লাথি মারছে এবং মেধাকে ধ্বংস করার উদ্যোগ নিচ্ছে। ভাইভা কার্ডের মাধ্যমে স্বজনপ্রীতি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ তৈরি হলে দেশের লাখো বেকার যুবক ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম শিক্ষা ছিল অন্যায় কোটা ব্যবস্থার বিরুদ্ধে মেধার দাবি। সরকার দ্রুত এই ব্যবস্থা বাতিল না করলে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এর বিরুদ্ধে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।

source: Asia Post

Back to top button