News

মিরপুরে ছিনতাইকারী আটক, জিম্মি কিশোর উদ্ধার

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশের পল্লবী জোন। এ সময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেলের পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে অটোরিকশার কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর সাহায্যের জন্য চিৎকার করেন।

তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য অটোরিকশার কাছে গিয়ে মোহাম্মদ রাব্বিকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অপর তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button