News

বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-ইশা রিখির

বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।

সোমবার (৩১ আগস্ট) রাতে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা।

মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন বাদশাহ ও ইশা। এরপর জুলাই থেকে তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশাহ লেখেন, ‘আমি ও ইশা রিখি পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সবাইকে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনো কল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।’

জুলাইয়ে ইশা রিখি নিজের ও বাদশাহর বেশ কিছু ছবি ও ভিডিও নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই আশা।’ এর সঙ্গে ভাঙা হৃদয় ও প্রার্থনার ইমোজি দিয়েছিলেন তিনি। এরপরই তাদের সম্পর্কে সমস্যা চলছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

সম্প্রতি ইশার মা পুনম রিখিও সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মফল বা কর্মের পরিণতি নিয়ে একাধিক পোস্ট করেন। এসব পোস্টও তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দেয়।

এর আগে জুনে ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে বাদশাহকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছিলেন ইশা রিখি।

বিচ্ছেদের ঘোষণা এমন সময়ে এলো, যখন গুঞ্জন চলছিল যে ইশা রিখি সালমান খান উপস্থাপনায় ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগীদের একজন হতে পারেন।

এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সাবেক এই দম্পতির একটি মেয়ে রয়েছে।

source: Asia Post

Back to top button