বার্সায় যেতে চাওয়া আলভারেজের জন্য প্রস্তুত আর্সেনালও

গ্রীষ্মকালীন দলবদলের শেষ সপ্তাহে বড় চমক দেখাতে পারে আর্সেনাল। আতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে নিতে নিজেদের দলবদলের রেকর্ড ভাঙার প্রস্তুতি নিয়েছে লন্ডনের ক্লাবটি। তবে প্রস্তাব দেওয়ার আগে আলভারেজ কিংবা আতলেটিকোর পক্ষ থেকে ইতিবাচক সংকেতের অপেক্ষায় আছে তারা।
ইএসপিএনের সূত্র জানিয়েছে, আর্সেনালের আক্রমণভাগ শক্তিশালী করার প্রধান লক্ষ্য এখন আলভারেজ। মিকেল আর্তেতার দল দ্রুত আলোচনা শুরু করতে প্রস্তুত। তবে তার আগে খেলোয়াড়ের সম্মতি এবং আতলেটিকোর বিক্রির সিদ্ধান্ত প্রয়োজন।
আর্সেনালের সামনে সবচেয়ে বড় বাধা আলভারেজের নিজের পছন্দ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের প্রথম পছন্দ বার্সেলোনা। প্রিমিয়ার লিগে ফেরার চেয়ে স্পেনেই থাকতে আগ্রহী তিনি।
তবে লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করতে রাজি নয় আতলেটিকো। তাদের এই অবস্থানই আর্সেনালের সামনে সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আলভারেজ আতলেতিকো ছাড়ার সিদ্ধান্তে অটল থাকলে ইংলিশ ক্লাবটিই তার সবচেয়ে বাস্তবসম্মত গন্তব্য হয়ে উঠতে পারে।
আলভারেজকে পেতে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ অর্থ খরচ করতেও প্রস্তুত আর্সেনাল। ২০২৩ সালে ওয়েস্ট হাম থেকে ডেকলান রাইসকে কিনতে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড ব্যয় করেছিল তারা, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭৫৮ কোটি টাকা ছিল তা। সেটিই এখন পর্যন্ত ক্লাবটির দলবদলের রেকর্ড।
আলভারেজের জন্য সেই রেকর্ড ভাঙতে পারে আর্সেনাল। অন্যদিকে খেলোয়াড়টিকে ছাড়তে প্রায় ১৫ কোটি ইউরো বা ২ হাজার ১৪৯ কোটি টাকা দাবি করতে পারে আতলেটিকো।
এর মধ্যে আতলেটিকো সমর্থকদের সঙ্গে আলভারেজের সম্পর্কেও উত্তেজনা তৈরি হয়েছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে ম্যাচ শুরুর আগে তার নাম ঘোষণার সময় গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়। ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময়ও একই অভিজ্ঞতার মুখে পড়েন তিনি।
ম্যাচ শেষে সতীর্থরা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেও আলভারেজ সরাসরি মাঠ ছাড়েন। বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হলে কোচ দিয়েগো সিমিওনে জানান, ক্লাব কর্তৃপক্ষের নির্দেশেই তাকে গ্যালারির কাছে যেতে দেওয়া হয়নি। সমর্থকদের থেকে দূরে রেখে সরাসরি ড্রেসিংরুমে পাঠানো হয়েছিল এই ফরোয়ার্ডকে।
আলভারেজ ও আতলেটিকোর পরবর্তী সিদ্ধান্তই এখন দলবদলটির ভাগ্য নির্ধারণ করবে। আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছে। দরজা খুললেই বিশাল প্রস্তাব নিয়ে আলোচনায় নামতে প্রস্তুত প্রিমিয়ার লিগের ক্লাবটি।
source: Asia Post







