ভোক্তা অধিদপ্তরের দেশব্যাপী বাজার তদারকি, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তার অধিকার রক্ষায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানকালে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দোকানে ঝুলানো মূল্যতালিকা যাচাই করা হয়। এছাড়া মাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন-বিক্রি রোধে বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে নজরদারি চালান অধিদপ্তরের কর্মকর্তারা।
ঢাকা মহানগরসহ দেশের চারটি জেলায় অধিদপ্তরের মোট ছয়টি দল এ তদারকি পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের এ অভিযানে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও স্থানীয় শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিদপ্তর নিশ্চিত করেছে।
এদিকে কেনাকাটার সময় সাধারণ ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পণ্যের মূল্যতালিকা যাচাই করা, সঠিক ওজন বুঝে নেওয়া, মোড়কে লিখিত সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) ও মেয়াদের তারিখ দেখে পণ্য কেনা এবং প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
source: Asia Post







