ভোলায় তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভোলার দৌলতখানে অবৈধ পেট্রোল, ডিজেল অকটেন তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের বেঁড়িবাধ সংলগ্ন তেলের গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এসব অবৈধ তেলের গোডাউনের একটি লাইসেন্স নেই বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ ঘটনায় ১ কোটি টাকার মতো তেল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের অবৈধ তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী ৬টি অবৈধ তেলের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোখলেছুর রহমান এশিয়া পোস্টকে জানান, অবৈধ তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
source: Asia Post







