News

তদবিরমুক্ত বদলি: ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে পদায়ন

ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির আয়োজন করেছে জেলা প্রশাসন।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ঢাকার সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে সমসংখ্যক অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মচারী কর্মরত আছেন এবং ৩টি পদ শূন্য রয়েছে। প্রশাসনিক বদলি কার্যক্রমের অংশ হিসেবে ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়নের এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য ২৬ জন এবং সাভার ও ধামরাই উপজেলার জন্য ১৩ জন কর্মচারী অংশ নেন।

আরো পড়ুন

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বদলি ও পদায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনিক বদলিতে যেন কোনো ধরনের স্বজনপ্রীতি, ব্যক্তিগত প্রভাব কিংবা অবৈধ তদবিরের সুযোগ না থাকে, সে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি।

তিনি আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন করা হলে প্রতিটি কর্মচারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয় এবং বদলি প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন বা সংশয়ের কোনো সুযোগ থাকে না। আমরা চাই, প্রশাসনের প্রতিটি কার্যক্রম নির্দিষ্ট নিয়ম ও নীতির ভিত্তিতে পরিচালিত হোক। এর মাধ্যমে অনৈতিক তদবিরের সংস্কৃতি হ্রাস পাবে, জবাবদিহিতা বাড়বে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কর্মচারীদের পদায়ন করা হয়েছে। এই উদ্যোগের ফলে বদলি কার্যক্রমে স্বজনপ্রীতি ও অনৈতিক প্রভাবের সুযোগ কমবে এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে সুশাসন ও জনসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত প্রভাব কমাতে এই নিয়মতান্ত্রিক বদলি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মচারীদের মধ্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে।

লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পদায়ন পাওয়া কর্মচারীদের আগামী ১৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের কড়া নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।

source: Asia Post

Back to top button