News

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না। আজ থেকে রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে।

তিনি বলেন, কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে সেটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে।

বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তিতে ও শান্তিতে উদ্‌যাপিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করতে পেরেছে।

ঈদের সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ছাড়া ট্রেন ও বাসে বাড়তি ভাড়া নেওয়ার দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদযাত্রা ও উদ্‌যাপন ছিল সফল।

source: Asia Post

Back to top button