News

শিল্পকলায় আজ থেকে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, দেখা যাবে ৬টি সিনেমা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ রোববার (৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসব চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। এতে বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের পাশাপাশি দেশের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কালজয়ী সিনেমা প্রদর্শিত হবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকরা প্রদর্শনী উপভোগ করতে পারবেন।

তিন দিনব্যাপী প্রদর্শনীতে দেখানো হবে মোট ছয়টি সিনেমা:

প্রথম দিন (৯ আগস্ট)

আরো পড়ুন

আজ উৎসবের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘রইদ’। কোরবানি ঈদে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এরপর রাত ৮টায় দেখানো হবে কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’। রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেন অভিনীত ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।

দ্বিতীয় দিন (১০ আগস্ট)

উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক জনপ্রিয় সিনেমা ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় থাকছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সমকালীন চলচ্চিত্র ‘মাস্তুল’।

শেষ দিন (১১ আগস্ট)

উৎসবের সমাপনী দিন ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত স্মারক চলচ্চিত্র ‘দুই পয়সার আলতা’। আর রাত ৮টায় আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের।

আয়োজকরা জানান, চলচ্চিত্র নির্বাচনে কালের বৈচিত্র্য রাখা হয়েছে যেন সমকালীন নির্মাণের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকরা দেশের চলচ্চিত্র ইতিহাসের অনন্য কাজগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন।

source: Asia Post

Back to top button