২০৩২ পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনার অবসান ঘটাল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন তিনি।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। ভিনিসিয়ুসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। নতুন চুক্তিতে আরও পাঁচ বছর বেড়েছে তাঁর রিয়াল অধ্যায়।
২০২৫ সালের জানুয়ারিতে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও মাঝে কয়েক মাস কোনো অগ্রগতি হয়নি। আর্থিক শর্তসহ বেশ কয়েকটি বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল। বুধবার ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে আবার বৈঠকে বসে রিয়াল। সেখানে উন্নত প্রস্তাব দেওয়ার পর চূড়ান্ত সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ।
Vini Jr. 2️⃣0️⃣3️⃣2️⃣@ViniJrpic.twitter.com/q9qZA9vYFB
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) August 6, 2026
ভিনিসিয়ুস চুক্তি নবায়ন না করলে তাকে দলে ভেড়ানোর প্রস্তুতি নিয়েছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আক্রমণভাগ শক্তিশালী করতে ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে অন্যতম প্রধান লক্ষ্য বানিয়েছিল। তবে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করে সেই সম্ভাবনার ইতি টানলেন ভিনিসিয়ুস।
২০১৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন তিনি। আট মৌসুমে ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচ খেলে ১২৮ গোল করেছেন।
এই সময়ে রিয়ালের হয়ে মোট ১৪টি শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপার কাপ।
২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে রিয়ালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়ুস। ২০২৪ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন ব্রাজিলিয়ান তারকা।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করলেও বড় কোনো শিরোপা পায়নি রিয়াল। নতুন কোচ জোসে মরিনিওর অধীনে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় ভিনিসিয়ুসকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই ধরে রাখল স্প্যানিশ জায়ান্টরা।
source: Asia Post






