জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, দুঃখ প্রকাশ মন্ত্রণালয়ের

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি ও ৩ আগস্ট ঘোষিত এক দফাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা যথাযথভাবে তুলে না ধরায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিতর্কের মুখে তথ্যচিত্রটি সংশোধন করে আবারও জনসমক্ষে প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় ও বিভিন্ন পক্ষের অবদান যথাযথভাবে উঠে না আসায় অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।
মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির উপস্থিতিতে বিষয়টি উত্থাপিত হওয়ার পর মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন। তথ্যচিত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাসও দেন তিনি। প্রতিমন্ত্রীও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্টের এক দফা ঘোষণা এবং সংশ্লিষ্ট কয়েকটি ঐতিহাসিক ঘটনার যথাযথ প্রতিফলন না হওয়া অনিচ্ছাকৃত।
কোনো ব্যক্তি, সংগঠন বা গণ-অভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা কিংবা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
তথ্যচিত্রটি সংশোধনের জন্য বিশেষজ্ঞ, গবেষক ও আন্দোলনের প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের পর এটি শিগগিরই আবার জনসমক্ষে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
source: Asia Post







