জুলাইয়ে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: ইশরাক

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা থামবেন না।
বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের বর্তমান প্রজন্ম কখনো ভুলবে না। বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ দাবি থেকে তারা সরে আসবেন না।
তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার একটি ‘চক্রান্তের’ কথা তারা শুনতে পেয়েছেন। যদিও বিষয়টিকে সংশ্লিষ্ট পক্ষ আনুষ্ঠানিক আয়োজন নয় বলে উল্লেখ করেছে। তবু সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এটি দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে লুটপাট করা অর্থ পুনরায় দেশে বিনিয়োগ করে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে পারে।
তিনি বলেন, ফ্যাসিবাদকে আর কখনো বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। কেউ ফিরে আসার চেষ্টা করলে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মাধ্যমেই রাজনীতিতে তাদের অধ্যায়ের সমাপ্তি ঘটবে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও দেখা গেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল এবং ভয়ভীতি উপেক্ষা করে আন্দোলনে অংশ নিয়েছিল।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করে যাবেন। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে দুর্বল করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, যারা বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারী শক্তির কোনো যোগাযোগ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এমন কোনো তৎপরতা প্রমাণিত হলে তা মোকাবিলা করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে।
source: Asia Post







