বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন যাত্রী। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ‘যমুনা লাইন পরিবহন’-এর বাসের হেলপার নয়ন (৩৮) এবং বাসযাত্রী মাসুদুর রহমান (৩৮)। নয়ন নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা এবং মাসুদুর রহমান একই উপজেলার চাঁনপুরি গ্রামের বাসিন্দা ও পেশায় কাঁচামাল ব্যবসায়ী।
শেরপুর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ছোনকা আন্ডারপাস সেতুর উত্তর পাশে একটি পাথরবোঝাই ট্রাক দুদিন আগে সড়কের পাশের দেয়ালে ধাক্কা খেয়ে বিকল অবস্থায় মহাসড়কে দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসটি সেখানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাসুদুর রহমান মারা যান এবং অন্তত সাতজন যাত্রী আহত হন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
source: Asia Post






