জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত করতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন এবং নতুন ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমে যাবে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ই-টিকিটিং সিস্টেমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এই আধুনিক ও জনবান্ধব সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। আজ থেকে ই-টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
source: Asia Post







