বিশ্বের সবচেয়ে দূষিত শহর লাহোর, ঢাকার অবস্থান কত

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের দিক থেকে আবারও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ৮৪ স্কোর নিয়ে বিশ্বের ১৬তম দূষিত শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রকাশিত আইকিউএয়ারের লাইভ গ্লোবাল মেজর সিটি র্যাঙ্কিংয়ে লাহোরের বায়ুমান সূচক ছিল ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
১৫২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৪৪ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বাহরাইনের মানামা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই। পঞ্চম স্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৩৯।
এ ছাড়া শীর্ষ ১০-এ রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা (১৩১), জেরুজালেম (১২৫), কুয়েত সিটি (১২৩), চীনের সাংহাই (১১৫) ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১১৩)।
আইকিউএয়ারের একিউআই মান অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের দূষিত বাতাসে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
source: Asia Post







