News

হামে ৪ শিশু ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশে একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই রোগে মোট এক হাজার ৩৬৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পৃথক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হামে চার শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

এর মধ্যে ৭৪৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৬ জন। একই সময়ে নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন এক হাজার ২২ জন। তাদের মধ্যে ৯৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, চট্টগ্রামে ২৪০, বরিশালে ১৪২, ময়মনসিংহে ৬৫, সিলেটে ৬৩, রংপুরে ৪৫, রাজশাহীতে ২৬ এবং খুলনায় ২২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৮৩ জন। এর মধ্যে ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১২ হাজার ৬২০ জন, যার মধ্যে এক লাখ ৮ হাজার ২৮৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা ও বরিশালে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৯ জন এবং ঢাকার বাইরে ৩৮ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৫৬, বরিশালে ৫৪, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ২৯, রংপুরে ১৬ এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৩ জন।

source: Asia Post

Back to top button