News

আজ ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

দুই দেশের সম্পর্ক বোঝার জন্য আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

ঢাকা সফরকা‌লে তি‌নি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ নানা বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে সার্জিও গোরের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, এ সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এড়াতে বার্তা আসতে পারে। বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের বিষয়ে বার্তা দেওয়া হতে পারে।

source: Asia Post

Back to top button