News

মাদ্রাসাশিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়নি: রাশেদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ। এ ঘটনায় পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশকে কোনো পরামর্শ দেওয়া হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, গাজীপুরের পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। শাহজালাল রুমিকে গ্রেপ্তারের অভিযান নিয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, টঙ্গীর ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাত বছর বয়সি এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার মোসলেমের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়। তিনি টঙ্গীর আউচপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

source: Asia Post

Back to top button