আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়ায় ঝুট গোডাউনের আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে গোডাউনের আগুন ছড়িয়ে পড়ায় আশপাশে থাকা কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটে দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত পৌনে দশটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতায় এলাকার কয়েকটি কলোনি ও আবাসিক ভবনের আংশিক ক্ষতি হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সাঙ্গেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে দশটি গোডাউন আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার কারণে গোডাউনের পাশের বাসাবাড়িতে আগুন লাগে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আবু তালেব এশিয়া পোস্টকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে রাখতে সচেষ্ট ছিল। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
source: Asia Post







