News

সিনেমার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা

ভারতীয় বাংলা সিনেমায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার বাস্তবেই মন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছে রাজ্য সরকার।

বুধবার (৭ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, মিঠুনকে নতুন এই দায়িত্ব দেওয়ার ইঙ্গিত সম্প্রতি একটি অনুষ্ঠানে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরও তার অধীনেই রয়েছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুনের সুনির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের সময়ে টালিগঞ্জের চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন মিঠুন।

সম্প্রতি কলকাতার উপশহর নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে মিঠুনকে ওই ফিল্ম সেন্টারের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন তিনি। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শিগগিরই আরও বড় ভূমিকায় দেখা যাবে ‘মহাগুরু’কে।

মিঠুন চক্রবর্তী গত শতকের ষাট ও সত্তরের দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ভোটের রাজনীতিতে তার যাত্রা শুরু হয় তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। দলটির সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে রাজ্যসভার সংসদ সদস্যও হয়েছিলেন তিনি।

তবে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন মিঠুন। পরের বছর বিধানসভা নির্বাচনের আগে ৭ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। এরপর গত পাঁচ বছর ধরে এই অভিনেতা ও রাজনীতিক বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন।

source: Rajneete

Back to top button