গুণী শিক্ষক সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের হাফেজ রশিদ

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মু. রশিদ আলম। শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা সনদ ও চেক নেন তিনি।
হাফেজ মু. রশিদ আলমের বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন।
তার অর্জনে ঠাকুরগাঁওয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা জানান, হাফেজ মু. রশিদ আলমের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, এটি ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।
নিজের অনুভূতি জানিয়ে হাফেজ মু. রশিদ আলম বলেন, জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
source: Asia Post







