মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা ও জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ সংসদীয় কমিটির

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশসমূহ গ্রহণ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরাবুল হক চৌধুরী। সভায় গত ৬ মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটির সুপারিশে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে এটি দ্রুত সচল করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্বস্তরে তুলে ধরার যথাযথ ব্যবস্থার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে সমাজে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ও রোকেয়া বেগম অংশ নেন। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







