রিয়াদমুখী হুতিদের দুই ড্রোন ভূপাতিত করার দাবি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে হুতিদের ছোড়া দুটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করার দাবি করেছে দেশটি।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, শনিবার ভোরে রিয়াদ অঞ্চলের দিকে পাঠানো ড্রোন দুটি শনাক্ত হওয়ার পর সেগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়।
তিনি বলেন, সৌদি বাহিনী দেশটির দিকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকিগুলো পর্যবেক্ষণ করছে। রিয়াদ অঞ্চলের দিকে ছোড়া দুটি ড্রোন শনাক্ত করার পর সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত ও ধ্বংস করে।
ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের লড়াইও আবার শুরু হয়েছে। গত জুলাইয়ে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার সময় হুতিরা রিয়াদের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত কয়েক সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথা জানায়। মার্চের মাঝামাঝি সময়ে রিয়াদ ও পূর্বাঞ্চলে একসঙ্গে ছয়টি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছিল সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
source: Asia Post







