‘ফাইভারে বিটোপিয়ার জালিয়াতি’ শীর্ষক সংবাদে বিটোপিয়া গ্রুপের ব্যাখ্যা

অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ‘ফাইভারে বিটোপিয়ার জালিয়াতি, বিপাকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা’ শীর্ষক প্রতিবেদনের কয়েকটি বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিটোপিয়া গ্রুপ।
কর্মীদের মূল পাসপোর্ট জমা রাখা, প্রতিযোগীদের ক্ষতি করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং উত্থাপিত প্রতিটি বিষয়ে নথি সংরক্ষিত থাকার বিষয়েও ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিটোপিয়া গ্রুপের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এশিয়া পোস্টে প্রকাশিত “ফাইভারে বিটোপিয়ার জালিয়াতি, বিপাকে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা” শীর্ষক প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল। তবে প্রতিবেদনে উত্থাপিত কিছু বিষয় প্রকৃত তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করি।
পাঠকের সামনে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট করছি—
১. কর্মীদের মূল পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র প্রতিষ্ঠানে জমা রাখা হয় না; কেবল যাচাইয়ের জন্য ফটোকপি সংরক্ষণ করা হয়। কোনো কর্মীর অজ্ঞাতসারে তার পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়নি; প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর লিখিত সম্মতি নেওয়া হয়েছে।
২. প্ল্যাটফর্মভিত্তিক কার্যক্রম মূলত পরিচালিত হয়েছে প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত এজেন্সি প্রোফাইলের মাধ্যমে, যা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিজস্ব এজেন্সি নীতিমালা অনুসারে গঠিত ও পরিচালিত।
৩. প্রতিযোগীদের ক্ষতি করতে ভুয়া অর্ডার, পরিকল্পিত রিফান্ড বা নেতিবাচক রিভিউ প্রদানের মতো কার্যক্রম আমাদের নীতি ও মূল্যবোধের পরিপন্থি। প্রতিষ্ঠান এ ধরনের কোনো কার্যক্রম অনুমোদন করে না এবং পরিচালনা করেনি।
৪. বিটোপিয়া একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান, যেখানে নতুন ও তরুণ পেশাজীবীদের কাজের সুযোগ তৈরি করা হয়। কোনো কর্মীকে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ সঠিক নয়।
৫. প্রভাব খাটিয়ে বা মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করার অভিযোগও সঠিক নয়।
৬. উত্থাপিত প্রতিটি বিষয়ে নথিভিত্তিক তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে এবং যেকোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
বিটোপিয়া গ্রুপ বলছে, ‘বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতের সুনাম আমাদের সবার সম্মিলিত সম্পদ। দেশের লাখো সৎ ও পরিশ্রমী ফ্রিল্যান্সারের সুনাম ও জীবিকা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি রক্ষায় শিল্পসংশ্লিষ্ট সবার সঙ্গে একযোগে কাজ করতে বিটোপিয়া প্রতিশ্রুতিবদ্ধ।’
‘প্রতিষ্ঠানের কর্মীরাই বিটোপিয়ার মূল শক্তি। কর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের প্রক্রিয়া উন্নত করার কাজ চলমান রয়েছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এক দশকেরও বেশি সময় ধরে বিটোপিয়া দেশের প্রযুক্তি খাতে কাজ করছে। বর্তমানে গ্রুপের মনোযোগ এন্টারপ্রাইজ সফটওয়্যার, ডিজিটাল ট্রান্সফরমেশন, ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা এবং আন্তর্জাতিক বিটুবি পার্টনারশিপে কেন্দ্রীভূত। দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি এবং রপ্তানি আয়ে অবদান রাখা আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গণমাধ্যমের সঙ্গে খোলামেলা ও গঠনমূলক যোগাযোগে আমরা বিশ্বাসী এবং যেকোনো তথ্য যাচাইয়ে সহযোগিতা করতে প্রস্তুত।’ বিষয়টি নিয়ে দেওয়া এই ব্যাখ্যা প্রকাশের অনুরোধ জানায় বিটোপিয়া গ্রুপ।
source: Asia Post






