মার্কিন প্রতিনিধি পরিষদে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবিত বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটির পক্ষে প্রতিনিধি পরিষদে ২৬২ ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন ১৫৯ জন।
এর আগে গত মাসে মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়। দুই দলের আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক সমর্থন পাওয়া বিলটি এখন আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।
বিলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। এর আওতায় রুশ সরকারি কর্মকর্তা, ধনকুবের (অলিগার্ক), তাদের পরিবারের সদস্য, বিদেশি ব্যক্তি এবং রাশিয়ার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
এ ছাড়া যেসব দেশ রাশিয়ার বিপুল পরিমাণ তেল বা গ্যাস কেনে এবং নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সহায়তা করে, সেসব দেশের আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্টকে নির্দিষ্ট হারে শুল্ক আরোপের ক্ষমতাও দেওয়া হয়েছে বিলটিতে।
আইনটি কার্যকর হলে রাশিয়ার জ্বালানি রপ্তানি এবং নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে যুক্ত দেশ ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।
source: Asia Post







