News

ফারুক ওয়াসিফ আরও এক বছর প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক

সাংবাদিক ফারুক ওয়াসিফকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে আরও এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের পতনের পর ফারুক ওয়াসিফকে দুই বছরের জন্য পিআইবি মহাপরিচালকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ওই পদে যোগ দেন তিনি।

কলাম লেখক ফারুক ওয়াসিফ এর আগে দৈনিক সমকালে পরিকল্পনা সম্পাদক ছিলেন। একযুগের বেশি সময় ধরে কাজ করেছেন প্রথম আলোয়, সবশেষ সেখানে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাঝে প্রথমা প্রকাশনের চিন্তা ও গবেষণাভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী ‘প্রতিচিন্তা’র নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

বগুড়ার ছেলে ফারুক ওয়াসিফের পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনেই কবিতা ও গল্প লেখার পাশাপাশি প্রতিরোধী বাম রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ‘জল জবা জয়তুন’, ‘বিস্মরণের চাবুক’, ‘তমোহা পাথর’।

ফারুক ওয়াসিফের প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে—‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’, ‘জীবনানন্দের মায়াবাস্তব’, ‘জরুরি অবস্থার আমলনামা’, ‘ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে’। ‘সাদ্দামের শেষ জবানবন্দি’ তার অনুবাদগ্রন্থ।

source: Asia Post

Back to top button