News

ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সভাপতি হিসেবে তিনি প্রথমবারের মতো ঢামেক হাসপাতালে আসেন।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টার দিকে সভাপতি হিসেবে তিনি প্রথম হাসপাতালে আসেন। সম্মানিত সভাপতি হিসেবে একান্তই সৌজন্য ভিজিট এটা। এসময় হাসপাতাল প্রশাসন এবং চিকিৎসকদের কিছু দিক-নির্দেশনা দিয়েছেন।

পরে প্রশাসনিক ব্লকে অবস্থান করে পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং পরিদর্শন শেষে মির্জা আব্বাস ফিরে যান বলে জানান ঢামেক হাসপাতালের পরিচালক।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময় তিনি বিদেশে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি দীর্ঘদিন পর চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি।

source: Asia Post

Back to top button