ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় পুলিশ সুপার (টিআর) ও বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা আ ফ ম নিজাম উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তর থেকে প্রস্থান নিয়ে মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নেন এসপি নিজাম উদ্দিন। প্রশিক্ষণ চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার ডোপ টেস্ট করানো হলে প্রস্রাবে বেনজোডায়াজেপিনস (বিজেডও) ও অ্যাম্পেটামিন/মেথঅ্যাম্পেটামিনের উপস্থিতি বা ‘পজিটিভ’ ফলাফল আসে, যা সামরিক কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।
মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে তাকে গত ৩১ আগস্ট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
source: Asia Post







