কুমিল্লায় ২৫ যাত্রী নিয়ে বাস খাদে, আহত ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এভার গ্রীন’ নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কুড়েরপার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার বাস টার্মিনাল থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে চান্দিনার কুড়েরপার এলাকায় একটি ব্রিকফিল্ডের সামনে পৌঁছালে দ্রুতগতির বাসটির ব্রেক ফেল করে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বাসের যাত্রী আব্দুর রহমান জানান, কক্সবাজার থেকে ছাড়ার পর চট্টগ্রাম অংশের সাতকানিয়া এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চান্দিনায় পৌঁছালে গাড়িটির ব্রেক আবারও অকার্যকর হয়ে পড়ে। এতে চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বাসটি খাদে পড়ে অন্তত আটজন যাত্রী আহত হন।
বাসের সুপারভাইজার মাশরাফি জানান, সাতকানিয়া এলাকায় বাসটির একটি চাকা পাংচার হয়েছিল। সেখানে চাকা পরিবর্তন করে যাত্রা শুরু করার পর কুড়েরপার এলাকায় এসে হঠাৎ ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
source: Asia Post






