News

নিউইয়র্কে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম জনবহুল এলাকা টাইমস স্কয়ারে প্রকাশ্য দিবালোকে এক নারী হামলাকারীর নৃশংস ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি (৩২)। পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সবেমাত্র কাজে ফিরেছিলেন এক নবজাতক সন্তানের মা পিয়াচেন্টি। হামলা চালাবার পর পুলিশের গুলিতে ৪৯ বছর বয়সি অভিযুক্ত নারী হামলাকারীও নিহত হয়েছেন।

এনডিটিভি ও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে বহুজাতিক ব্যাংকটিতে দায়িত্বপালনকারী পিয়াচেন্টিকে কোনো উসকানি ছাড়াই আচমকা আক্রমণ করেন পামেলা সিসনেরোস নামের ওই নারী। এই ঘটনায় আরও এক বৃদ্ধ (৬৮) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান ‘ব্যাংক অব আমেরিকা’ এবং পিয়াচেন্টির প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফোর্ডহ্যাম ল স্কুল’ পৃথক বিবৃতিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে। মর্মান্তিক এই ঘটনার মাত্র চার দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সদ্যজাত সন্তান ও স্বামীর সঙ্গে একটি পারিবারিক ছবি পোস্ট করে নিজের সুখের কথা জানিয়েছিলেন পিয়াচেন্টি।

পুলিশ জানায়, কুইন্সের বাসিন্দা নিহত হামলাকারী পামেলা দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তাঁর কোনো পূর্ব অপরাধের রেকর্ড ছিল না। ঘটনার পরপরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে থাকা টাইমস স্কয়ার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

source: Rajneete

Back to top button