News

ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার ও ব্যবসায়ীরা অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী সেশনে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ পর্বে আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হবে। একই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও মন্ত্রী ও ফোবানা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উত্তর আমেরিকা সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও নতুন শ্রমবাজার উন্মোচন-সংক্রান্ত নানা বিষয়ে বৈঠক শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

source: Asia Post

Back to top button