১০ হাজার শ্রমিককে বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে সরকার

যোগ্যতার ভিত্তিতে সরকারিভাবে ১০ হাজার শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১২ ধরনের সুবিধাসংবলিত প্রবাসী কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কানাইঘাটের গাছবাড়ি বাজারে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির পরিবারের সদস্যদের হাতে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।
এ সময় মন্ত্রী প্রবাসে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়ার যাবতীয় সহযোগিতা এবং উপার্জনক্ষম একজন সদস্যকে সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
অনুষ্ঠানে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসান, সংরক্ষিত নারী সংসদ সদস্য শাম্মী আক্তারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি নিহত হয়। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন ও আমরপুর গ্রামের জিবাল আহমেদ।
দরিদ্র পরিবারের এই সদস্যরা বিদেশে গিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর চেষ্টা করছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়ে।
গত ৩০ জুন ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের মরদেহ সিলেটে পৌঁছায় এবং নিজ নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়।
source: Asia Post







