News

সরকারি বাসা-বাড়ি বরাদ্দ নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সেই অনুযায়ী এখন থেকে সরকারি আবাসন পরিদপ্তর এ, বি ও সি শ্রেণির বাসা বরাদ্দ না দিয়ে বাংলাদেশ অ্যালোকেশন রুলস অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বরাদ্দ কার্যক্রম পরিচালনা এবং কোটা সমন্বয়ের ব্যবস্থা করবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. জহিরুল ইসলাম খানের সই করা এ নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের। সরকারি আবাসন পরিদপ্তর এসব শ্রেণির আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব পালন করে। তবে তিন মাসের বেশি সময় খালি থাকা এ, বি ও সি শ্রেণির কিছু সরকারি বাসা রাজস্ব আদায় এবং সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসন পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে খালি বাসার তথ্য জানিয়ে বরাদ্দের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠিও দেওয়া হয়।

এর আগে গত ৩০ জুন সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২-এর বিধি-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা বা বাড়ি সরকারি আবাসন পরিদপ্তর থেকে সরাসরি বরাদ্দ না দিয়ে যথাযথভাবে কোটা সমন্বয়ের সুপারিশ করা হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

source: Asia Post

Back to top button