News

জাতীয় ছাত্রশক্তির সংগঠকের ওপর ছাত্রদলের হামলার নিন্দা-প্রতিবাদ

জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজ শাখার সংগঠক সামছুল আরেফিন রিফাতের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে হল দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (২৩ আগস্ট) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে দাবি করা হয়, হল দখলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য রিফাত হোসেন, ওহীদ ফরাজী ও ছাত্রদল কর্মী তামিম হোসেনের নেতৃত্বে সামছুল আরেফিন রিফাতের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় তাকে প্রকাশ্যে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়।

গত কয়েক মাসে হল দখলকে কেন্দ্র করে ঢাকা কলেজে তাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে। এর আগে এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষাঙ্গণে মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থান গণতান্ত্রিক পরিবেশের অন্যতম প্রধান শর্ত। কোনো সংগঠনই ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার অজুহাতে শিক্ষার্থীদের ওপর অগণতান্ত্রিক বা সন্ত্রাসী কায়দায় বলপ্রয়োগ করতে পারে না।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় জাতীয় ছাত্রশক্তি। এ ছাড়াও বিবৃতিতে আরও উল্লেখ করা হয়– হামলা, দখলদারিত্ব ও সন্ত্রাসের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

source: Asia Post

Back to top button