News

৭০ অনুচ্ছেদ সংশোধন করে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই সংশোধিত বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত এবং এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে।

সংবিধান সংশোধন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনও বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।

আরো পড়ুন

এ সময় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে এবং রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে এ অনুচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

source: Asia Post

Back to top button